ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ভায়না ইউনিয়নে সন্ত্রাসী হামলায় মোলাম উদ্দীন নামের এক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মোলাম উদ্দীন কালিশংকর পুর গ্রামের আবুল মণ্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে কিছু সন্ত্রাসী মোলাম উদ্দীনের উপর উপর্যুপরি হামলা চালায়। হামলার পর মোলামকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার পথেই তিনি মারা যান।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, পূর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষরা তার উপর হামলা চালিয়েছে। আহত মোলাম উদ্দিন (৫০) কে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মাসুম খান আরও জানান, মরদেহ পাওয়ার সাথে সাথেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।