শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুষ্টিয়ায় গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১০

কুষ্টিয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১০। ঘটনার পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুষ্টিয়ায় গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১০

কুষ্টিয়ায় স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম হালিম সর্দার (৬০)। আজ শনিবার সকালে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর ও রাজাপুর গ্রামের মধ্যে এই সংঘর্ষ ঘটে।

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত হালিম সর্দার খয়েরপুর এলাকার মৃত কলম সর্দারের ছেলে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় বকুল সর্দার (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বকুল সর্দার খয়েরপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে রাজাপুর এলাকায় মান্নান মেম্বার ও বকুল আলীর সমর্থকদের সঙ্গে খয়েরপুর গ্রামের ইউসুফ মেম্বার ও মেহেদী হোসেনের সমর্থকদের মধ্যে বেশ কয়েকদিন ধরে হামলা ও সংঘর্ষ চলছিল।

আজ সকালে চাপাইগাছি বিলের পাশে দুই গ্রুপের লোকজন জড়ো হলে হালিম বাড়ি থেকে বের হওয়ার সময় মান্নান মেম্বার সমর্থকের নজরুলের বাড়ির ছাদ থেকে ফালা ছুড়ে মারা হয়। ফালা হালিমের গলায় লেগে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকাল ৮টার দিকে হালিম বিলের দিকে যাচ্ছিলেন। এ সময় নজরুলের বাড়ির ছাদের ওপর থেকে দেশীয় অস্ত্র ফালা ছুড়ে মারা হয়, যা হালিমের গলায় ঢুকে তাকে হত্যা করে। পরে নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

বিজ্ঞাপন