চট্টগ্রাম নগরীর খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। বৃহস্পতিবার পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ওই ভবন থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন মিলিয়ে প্রায় ৭০টি ডিভাইস জব্দ করা হয়েছে। খুলশী থানার ওসি আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদেশি নাগরিকদের উপস্থিতি এবং সেখানে সন্দেহজনক কার্যক্রমের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটকদের মধ্যে কেউ বৈধ কাগজপত্র নিয়ে বাংলাদেশে অবস্থান করছিলেন কি না, তাদের ভিসার ধরণ এবং তারা কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, কথিত ওই ক্যাসিনো বা জুয়ার আসরে বড় অঙ্কের অর্থের লেনদেনের তথ্য পাওয়া গেছে। সেখানে কোটি কোটি টাকার লেনদেন হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে এখন পর্যন্ত ওই অর্থের পরিমাণ কিংবা লেনদেনের কোনো নির্দিষ্ট হিসাব প্রকাশ করেনি পুলিশ। নগদ অর্থের পাশাপাশি ব্যাংক হিসাব, অনলাইন লেনদেন বা অন্য কোনো মাধ্যমে অর্থ স্থানান্তর করা হয়েছে কি না, তদন্তে তা দেখা হবে।