শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চাঁদপুরে স্কুলছাত্রীকে উত্যক্তের অভিযোগে যুবকের কারাদণ্ড

চাঁদপুরে স্কুলছাত্রীকে উত্যক্তের অভিযোগে যুবকের ৪ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।

চাঁদপুরে স্কুলছাত্রীকে উত্যক্তের অভিযোগে যুবকের কারাদণ্ড

চাঁদপুরের হাজীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে আলাউদ্দিন (৩৮) নামের এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে বাকিলা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন।

বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্যক্ত করে আসছিলেন আলাউদ্দিন। এর ফলে শিক্ষার্থী এবং তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েন। শিক্ষার্থী ও তার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় চেয়ারম্যান, বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ও প্রধান শিক্ষকের সহযোগিতায় আলাউদ্দিনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় আলাউদ্দিনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর তাকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাজা ঘোষণার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের ইভটিজিং রোধে বিভিন্ন পরামর্শ ও সচেতনতামূলক দিকনির্দেশনা দেন।

বিজ্ঞাপন