চাঁদপুর সদরে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের প্রায় ৫ টন সরকারি চাল পাচারের সময় প্রশাসন ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের বিপণীবাগ মোড় এলাকা থেকে চালভর্তি ট্রাকটি আটক করা হয়।
চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম জানান, 'জেলা প্রশাসক স্যার এবং সদর ইউএনও স্যারের ফোন পেয়ে আমরা জানতে পারি যে, জেলেদের জন্য বরাদ্দ করা সরকারি চালের একটি চালান চাঁদপুর জেলার বাইরে পাচার করা হচ্ছে।'
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চালবাহী ট্রাকটি আলীগঞ্জ হয়ে লাকসামের দিকে যাচ্ছিল। আটককৃত ট্রাকটিতে থাকা স্লিপে ৪ হাজার ৯৩০ কেজি চালের উল্লেখ রয়েছে।
তদন্ত কমিটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ পেয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জব্দকৃত চাল কমিটির হেফাজতে থাকবে।
অন্যদিকে, লক্ষ্মীপুর ইউনিয়নের সচিব মোস্তফা কামাল শামীম অভিযোগ অস্বীকার করে জানান, তাদের ইউনিয়নের জন্য ১১৩ টন চাল বরাদ্দ ছিল, যার মধ্যে ১০৪ টন চাল ছাড়িয়ে আনা হয়েছে।
তিনি বলেন, 'ফেসবুক ও নানা মাধ্যমে যে লেখালেখি হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কোনো অনিয়মের সাথে জড়িত নই।'
এদিকে, উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত চাল প্রশাসনের হেফাজতে রয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।