সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নাটোরে ভূমি অফিসে সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি

নাটোরের ভূমি অফিসে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের চরম ভোগান্তির অভিযোগ উঠেছে।

নাটোরে ভূমি অফিসে সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি

নাটোরের ভূমি অফিসগুলোতে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের অভিযোগ, সেখানে ভোগান্তির শেষ নেই। নানা অজুহাতে হয়রানি এবং অতিরিক্ত টাকা দাবির অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানিয়েছেন, টাকা না দিলে দিনের পর দিন ঘোরানো হয়। সার্ভারে সমস্যা এবং কাগজপত্র ঠিক নেই-এমন নানা অজুহাতে সেবাগ্রহীতাদের বার বার অফিসের বাইরে অনলাইন সার্ভিসের দোকানে পাঠানো হচ্ছে।

নাটোরের ৭ উপজেলায় ৫২টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে, যেখানে স্থানীয়দের নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ রয়েছে। জমির নামজারি, খাজনা দেয়াসহ বেশির ভাগ কাজ অনলাইনে করতে হয়। তবে ভূমি অফিসের কর্মীরা নানা কৌশলে সেবাগ্রহীতাদের সরাসরি অফিসে যেতে বাধ্য করে বাড়তি টাকা দাবি করছেন।

ভুক্তভোগী শাহজাহান খান জানান, তার কাছে ১২ হাজার ৭০০ টাকা দাবি করা হয়েছে। তিনি বলেন, “নায়েবের কাছে আর একজন ছিল, সে টাকা নিয়েছে। সেই টাকা দেওয়ার পরেও ঘোরানো হচ্ছে।”

অন্য ভুক্তভোগী মোতালেব শেখ অভিযোগ করেন, তিনি খাজনার চেক কাটানোর জন্য ২–৩ দিন অফিসে আসছেন। প্রতিদিন বাড়ি থেকে আসা যাওয়ার খরচ এক দেড়শ টাকা। তিনি বলেন, “সার্ভারের সমস্যা বলা হচ্ছে। যেখানে ১০ টাকা লাগার কথা, সেখানে ১০০ টাকা করে দিতে হচ্ছে।”

এ বিষয়ে নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ জানিয়েছেন, “এ নিয়ে লিখিত বা মৌখিক কোনো অভিযোগ পাইনি।” জেলা প্রশাসক সুমনী আক্তার বলেন, “ভূমি অফিসের বিভিন্ন বিষয়ে অভিযোগ পেয়েছি। আমি সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়েছি।”

সেবাগ্রহীতাদের দাবি, ঘুষ ও হয়রানি বন্ধ করতে ভূমি অফিসের কর্মীদের মোবাইল ফোন ও লেনদেন খতিয়ে দেখার পাশাপাশি অফিসগুলোতে বাড়তি নজরদারি করা উচিত।

বিজ্ঞাপন