নাটোরের দস্তানাবাদে নিজের মা বিলকিস বেগম ও ছেলে আলিফ হোসেনকে হত্যার দায়ে শাহআলম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় হত্যাকাণ্ডে সহযোগিতার দায়ে সোহাগ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাইফুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত শাহআলমকে ৫০ হাজার টাকা এবং সোহাগকে ২০ হাজার টাকা জরিমানা করার নির্দেশও দিয়েছেন।
মামলার অপর আসামি মিন্টুকে খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড পাওয়া শাহআলম সদর উপজেলার দস্তানাবাদ এলাকার শাহাদাত সর্দারের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া সোহাগ হোসেন একই এলাকার আশরাফ হোসেনের ছেলে।
নাটোর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর জানান, নিজের নামে থাকা সম্পত্তি ছেলের নামে লিখে না দেওয়াকে কেন্দ্র করে শাহআলমের সঙ্গে তার বাবার বিরোধ সৃষ্টি হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৯ নভেম্বর দুপুরে শাহাদাত সর্দার স্ত্রী বিলকিস বেগম ও নাতি আলিফ হোসেনকে বাড়িতে রেখে ঝলমলিয়া বাজারে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে এলে ছেলে শাহআলম ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করেন।
তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত সর্দার জানতে পারেন, তার স্ত্রী ও নাতিকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় ২১ নভেম্বর শাহআলমসহ চারজনকে আসামি করে নাটোর সদর থানায় হত্যা মামলা করেন শাহাদাত সর্দার। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘদিন সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে রোববার আদালত এ রায় ঘোষণা করেন।