জামালপুরে চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে ৭ জনকে মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ বিচারক মো. নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত সকল আসামি মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাসিন্দা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন প্রাপ্ত সকলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. দিদারুল ইসলাম জানান, ২০১৬ সালের ১৬ মে গান-বাজনার কথা বলে চাচা মহর আলী ও ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আসামিরা। পরে কুকুরমারী এলাকায় পাটক্ষেতে নিয়ে দুজনকে কুপিয়ে ও পরে জবাই করে হত্যা করা হয়।
ঘটনার তিন দিন পর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবার থানায় মামলা করে।