শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

হবিগঞ্জের রিজার্ভ ফরেস্টে ৬ পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

হবিগঞ্জের সাতছড়ি রিজার্ভ ফরেস্টে অভিযান চালিয়ে ৬ পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি।

হবিগঞ্জের রিজার্ভ ফরেস্টে ৬ পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করেছে। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে ৫৫ বিজিবির অধীন সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ দল অভিযান শুরু করে। সীমান্ত পিলার ১৯৭৮ থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এই তল্লাশি চালানো হয়। অভিযানের সময় মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অন্যান্য অপরাধমূলক কাজের জন্য দুষ্কৃতকারীরা এসব অস্ত্র মাটির নিচে লুকিয়ে রেখেছিল। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে।

বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবি অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বিস্তার রোধে তৎপর রয়েছে। ভবিষ্যতে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হবে।

গত তিন মাসে ৫৫ বিজিবির অভিযানে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রায় ৪১ লাখ টাকা মূল্যের ২৩৮ কেজি ভারতীয় গাঁজা, ২ হাজার ৫৮৫ ইয়াবা, ৫৯ বোতল মদ এবং ২১টি গরু আটক করা হয়েছে।

বিজ্ঞাপন