বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে সিলেটে প্রতিষ্ঠিত ‘শিমান্তো স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (এসএসএসডিডব্লিউ) এর উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
১ সেপ্টেম্বর, মঙ্গলবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী এসএসএসডিডব্লিউ এর কমপ্লেক্স ও ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন।
এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম, আধুনিক সুযোগ-সুবিধা এবং বিজিবিতে ব্যবহৃত বিভিন্ন ড্রোনের আভিযানিক প্রয়োগ ও প্রশিক্ষণ পরিকল্পনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
পরবর্তীতে প্রশিক্ষণ মাঠে বিজিবির দক্ষ ও প্রশিক্ষিত ড্রোন পাইলটদের অংশগ্রহণে সীমান্ত নিরাপত্তায় ড্রোন প্রযুক্তির কার্যকর ও বহুমুখী ব্যবহারের ওপর একটি বিশেষ ‘ড্রোন ম্যানুভার’ মহড়া প্রদর্শন করা হয়।
মহড়ায় ড্রোনের মাধ্যমে বিজিবির সিক্সম্যান পেট্রোল টিমের আভিযানিক কার্যক্রম, চোরাচালানবিরোধী অভিযানে ড্রোনের সাহায্যে চোরাকারবারীদের শনাক্ত ও আটক, পুশ-ইন প্রতিরোধে ড্রোনের কার্যকর ব্যবহার এবং অনুপ্রবেশকারী বা অপরিচিত ড্রোন শনাক্ত ও নিয়ন্ত্রণে এন্টি ড্রোন সিস্টেমের ব্যবহারিক প্রয়োগ প্রদর্শন করা হয়।
মহড়ার শেষ পর্যায়ে বিজিবিতে সংযোজিত ম্যাভিক ড্রোনসহ বিভিন্ন ড্রোনের সমন্বয়ে একটি আকর্ষণীয় ড্রোন ফ্লাই-পাস্ট প্রদর্শন করা হয়।