সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা

মিয়ানমার ও ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা

মিয়ানমার ও ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই বেড়া নির্মাণ করা হবে। এর মাধ্যমে সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, মাদক, অস্ত্র, গোলাবারুদ এবং আন্তসীমান্ত অপরাধ দমনের কার্যক্রম চলবে। ভারতের সঙ্গে সীমান্তের স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনাও বিবেচনাধীন রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের জাতীয় স্বার্থ রক্ষার্থে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বিত পদক্ষেপ গ্রহণ করছে। সীমান্ত দিয়ে ইয়াবা, ক্রিস্টাল মেথ, ফেনসিডিলসহ সব ধরনের মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশ বন্ধ করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

এছাড়া, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে সীমান্ত অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে। দুর্গম এবং স্পর্শকাতর সীমান্ত এলাকায় নতুন বিওপি ও টিওবি নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা বিজিবির টহলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

মন্ত্রী আরও জানান, দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তের অতি সংবেদনশীল এলাকায় ‘স্মার্ট বর্ডার সারভেইল্যান্স সিস্টেম’ স্থাপন করা হয়েছে। সীমান্ত সড়ক নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে, যার ফলে বিজিবির টহল দল দ্রুততার সঙ্গে সীমান্ত অপরাধ প্রতিরোধে সক্ষম হচ্ছে।

সীমান্ত এলাকায় বসবাসকারীদের চোরাচালান ও অপরাধের কুফল সম্পর্কে সচেতন করতে নিয়মিত ‘জনসচেতনতামূলক কার্যক্রম’ পরিচালনা করা হচ্ছে, যাতে তারা অপরাধীদের তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করতে পারে।

বিজ্ঞাপন