রাজধানীর যানজট নিরসনের লক্ষ্যে মহাখালী টার্মিনালে 'অলস পড়ে থাকা' বাসগুলো পূর্বাচলের অস্থায়ী ডিপোতে স্থানান্তরের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে এ প্রক্রিয়াটি দেখভাল করতে মহাখালী বাস টার্মিনালে আসেন ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, পূর্বাচলে তিন নম্বর সেক্টরে একটি ডিপো অস্থায়ীভাবে প্রস্তুত করা হয়েছে, যেখানে প্রায় দেড়শ' বাস রাখা যাবে। এই ডিপোতে ড্রাইভার ও হেলপারদের থাকার এবং খাবারের ব্যবস্থা থাকবে।
ঢাকা ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আনিছুর রহমান বলেন, আগামী তিন মাসের মধ্যে পূর্বাচলের ডিপোটিতে ৬০০ বাস রাখার সক্ষমতা থাকবে। তিনি আশা প্রকাশ করেন যে, এটি নিশ্চিত হলে মহাখালী টার্মিনালের সামনের সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও জানান, দীর্ঘমেয়াদে মহাখালী বাস টার্মিনাল আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাছে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এর আগে, চলতি বছরের জুলাই মাসে মহাখালী টার্মিনালে ‘অলস পড়ে থাকা’ ২০টি বাস পূর্বাচলের অস্থায়ী ডিপোতে স্থানান্তরের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়েছিল।