রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা মহানগরীর যানজট পরিস্থিতি ও গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়, যা টোল আদায়ের প্রক্রিয়াকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করবে। এ লক্ষ্যে একটি অ্যাপ ডেভেলপমেন্টেরও সিদ্ধান্ত গৃহীত হয়।
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক প্রস্তুত করা প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ নতুন প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা রাজধানীর যানজট কমাতে কার্যকর ভূমিকা রাখবে। এছাড়া, গাবতলী বাস টার্মিনালের সম্প্রসারণ ও কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের বিষয়েও আলোচনা হয়েছে।
সচিবালয়ের আশপাশে পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং অটোরিকশার চলাচলে নতুন নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সকল সংস্থার মধ্যে সমন্বয় জোরদার ও নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।