রাজধানীর রাজারবাগে পুলিশ বাহিনীর ত্রৈমাসিক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে অগ্রগতি না দেখালে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
মন্ত্রী জানান, অবৈধ ও লুটের অস্ত্র উদ্ধারের জন্য র্যাবের নেতৃত্বে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। তিনি বলেন, 'লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা বিশেষ একটি ইউনিট গঠন করেছি।'
ত্রৈমাসিক সমন্বয় সভায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এই বিশেষ ইউনিট ইতোমধ্যে মাঠে নেমেছে এবং তাদের কার্যক্রম জোরদার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
মন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ পুরস্কার ঘোষণা করেন। তিনি বলেন, 'বিভিন্ন শ্রেণির অস্ত্রের জন্য সর্বন্ম্নি ১০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার পাবেন সন্ধানদাতা।'
মাদক ও অস্ত্র উদ্ধারে নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না দেখালে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। 'যে সমস্ত কর্মকর্তা এই চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক নিয়ন্ত্রণের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি দেখাতে পারবে না, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব,' যোগ করেন মন্ত্রী।
জনগণের প্রত্যাশা অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ করতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।