কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই। তিনি জানান, সরকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ১৬ লাখ মেট্রিক টন সার মজুত রেখেছে।
শনিবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী। তিনি অভিযোগ করেন, "কিছু অসাধু ব্যবসায়ী ও দুষ্ট লোকের কূটকৌশলের কারণে দেশে সারের সংকট দেখানো হচ্ছে।"
মন্ত্রী বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে বলেন, "দেশটা সবার। খারাপ কোনো চিন্তা না করে দেশ পরিচালনায় সহযোগিতা করুন।" তিনি আরো বলেন, "পাঁচ বছর পর জনগণ যদি আপনাদের ভোট দেয়, তখন দেশ পরিচালনা করবেন। তবে ষড়যন্ত্র করা থেকে বিরত থাকার অনুরোধ করছি।"
সার ব্যবস্থাপনা ঠিক রাখতে ডিলারদের সময়মতো সার উত্তোলন, কৃষকদের মধ্যে সঠিকভাবে বিতরণ এবং সরকারি মূল্যে বিক্রিসহ সারসংক্রান্ত সব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তদারকির নির্দেশ দেওয়া হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। পরে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফসহ অন্যান্য অতিথির উপস্থিতিতে সদর উপজেলা পরিষদের হলরুমে জেলার পাট ও পেঁয়াজচাষিদের সঙ্গে মতবিনিময় করেন।