পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) চকবাজারে ‘কমিউনিটি ব্যাংক’-এর ইসলামিক ব্যাংকিং সেবা চালুর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আইজিপি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। তবে স্বাধীনতা থাকলেও কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সমর্থন করার আহ্বান জানান।
আইজিপি আরও বলেন, কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়। এ সময় তিনি পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারে পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন।
তিনি জানান, গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। আইজিপি এ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মাদকবিরোধী কার্যক্রমে আরও কঠোর হওয়ার কথা বলেন।