রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বাংলাদেশকে মেধাশূন্য করতে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকানো হয়েছে: বিএনপি নেতা

বিএনপির নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন, প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশকে মেধাশূন্য করতে মাদক ঢুকানো হয়েছে।

বাংলাদেশকে মেধাশূন্য করতে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকানো হয়েছে: বিএনপি নেতা

বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সোসাইটির আয়োজনে সদর ও চন্দগঞ্জ উপজেলার জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

মন্ত্রী বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য আমরা শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছি। আমাদের দেশকে মেধাশূন্য করার জন্য আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারা আমাদের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত।”

এ্যানি আরও বলেন, “তরুণ সমাজকে সতর্ক ও সজাগ থাকতে হবে। শিক্ষাকে যদি অগ্রাধিকার দিতে পারি, তাহলে সমাজের অবক্ষয় থেকে মুক্তি পাওয়া সম্ভব।”

তিনি মার্কিন এক শিক্ষাবিদ ও নোবেল বিজয়ীর উদ্ধৃতি দিয়ে বলেন, “জিপিএ–৫ বা ভালো সার্টিফিকেট থাকলেই হবে না, নৈতিকতা শিক্ষায় বড় গুণ।”

মন্ত্রী বলেন, “অভাব অনটনের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালনা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও স্বাস্থ্য খাতে যথেষ্ট গুরুত্বারোপ করছেন। একটি নকলমুক্ত পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা আমাদের চ্যালেঞ্জ।”

সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফ।

বিজ্ঞাপন