ঝালকাঠির রাজাপুরে বেদুরিয়া নদীর ব্রিজ থেকে পড়ে নিখোঁজ যুবক নূর হোসেনের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি বাজার এলাকার ব্রিজের নিচ থেকে তাঁর মরদেহ পাওয়া যায়।
নূর হোসেন গালুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হানিফ আকনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি এপিলেপসি (মৃগী) রোগে আক্রান্ত ছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি ব্রিজের ওপর ছিলেন, তখন হঠাৎ করে নদীর পানিতে পড়ে যান।
এ ঘটনায় স্থানীয়রা দ্রুত উদ্ধারের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। তবে সন্ধ্যার মধ্যে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।
গালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, নূর হোসেনের নিখোঁজ হওয়ার পর স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালায়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।