মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু সংলগ্ন নদীতে ডুবে নিখোঁজ হওয়া দুই পর্যটকের মধ্যে মো. রাসেল (৪০) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে লৌহজং উপজেলার বড় নওপাড়া সংলগ্ন পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে মাওয়া নৌ পুলিশ।
নিহত রাসেল বরগুনার আমতলী থানার গুলশাখালী গ্রামের মৃত আব্দুর রহমান মৃধার ছেলে। এ নিয়ে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার হলো। এর আগে, মঙ্গলবার (২৭ অক্টোবর) পদ্মা সেতু এলাকা থেকে মারুফ নামের অপর পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
মাওয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মো. মালেক খসরু খান জানান, গত ২৬ অক্টোবর পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের আনুমানিক ১০০ মিটার পশ্চিম দিকে নদীতে ডুবে নিখোঁজ হন মারুফ ও রাসেল। তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।