রাজধানীর গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের সামনে থেকে এই অভিযান শুরু হয়।
অভিযানের সময়, শপিং সেন্টারের বাইরে অবৈধভাবে পরিচালিত দোকানপাট উচ্ছেদ করা হয় এবং নকশা বহির্ভূত বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। এ ছাড়া, হানিফ ফ্লাইওভারের নিচের অংশ দখল করে বসানো ভ্রাম্যমাণ দোকানপাটও গুঁড়িয়ে দেয় সিটি করপোরেশন।
অবশ্য, অভিযানের খবর আগেই ছড়িয়ে পড়ায় অনেক দোকানদার নিজেদের দোকান সরিয়ে নেয়। এর আগে বেশ কয়েক দফা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হলেও ফুটপাত আবারও পুরনো চেহারায় ফিরে এসেছে।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পথচারীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার এই অভিযান অব্যাহত থাকবে।