ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম ঘোষণা করেছেন যে, পথচারীদের ভোগান্তিতে ফেলে ফুটপাতে ব্যবসা করতে দেয়া হবে না। তিনি বলেন, জনগণের চলাচল নির্বিঘ্ন রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান মোড় পর্যন্ত মূল সড়কের দু'ধারের হকারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
অভিযানে সড়কের পাশে অবস্থিত দোকানপাট ভেঙে দেয়া হয় এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা অবৈধ হকারদের দোকান সরিয়ে দেন। অনেক ব্যবসায়ী নিজেই তাদের মালপত্র গুটিয়ে নেন।
ডিএসসিসি প্রশাসক আরও জানান, সিটি করপোরেশন থেকে রেজিস্ট্রেশন ব্যতীত কাউকে ব্যবসা করতে দেয়া হবে না। ব্যবসা করতে চাইলে সিটি করপোরেশনের নির্ধারিত স্থানেই ব্যবসা করতে হবে।
তিনি বলেন, এভাবে অদূর ভবিষ্যতে ডিএসসিসির মূল সড়কের দু'ধার পুরোপুরি হকারমুক্ত করা হবে।