ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন না হওয়ার পেছনে ফ্যাসিস্ট আমলের দলীয় প্রভাবের দায়ী উল্লেখ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে বলেন, "রাজপথে আর কখনও বুলেট নয়, মেধাভিত্তিক সুন্দর বাংলাদেশ গড়তে হবে।"
ডেপুটি স্পিকার আরও বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন।
তিনি শিক্ষার্থীদের ঐতিহ্য ধরে রেখে মেধা ও যোগ্যতার চর্চায় এগিয়ে যেতে আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের সময়ের গুরুত্ব উপলব্ধি করে মেধা চর্চার পাশাপাশি অন্যদের প্রতি সহানুভূতি ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।