গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি কলোনির ২৩টি ঘর ও ৫টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের হরিণহাটি এলাকায় একটি কলোনিতে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনটি পার্শ্ববর্তী আরেকটি কলোনিতে ছড়িয়ে পড়ে।
প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, তবে তা সফল হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।