গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের প্রচেষ্টায় বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কারখানার হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও ইউনিট যোগদান করে। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বুধবার গাজীপুরের টঙ্গীতে আরেকটি ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেখানে আগুন নিয়ন্ত্রণে আসতে প্রায় ৪ ঘণ্টা সময় লেগেছিল।