রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকালে তিনি সরেজমিনে পরিদর্শনে যান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে জানতে চান। তিনি হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর পথচারীদের চলাচলে সুবিধা হয়েছে কিনা, সেই বিষয়ে তাদের অভিজ্ঞতা শোনেন।
প্রধানমন্ত্রী বলেন, "নগরীর ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি।"
এ সময় তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন যাতে ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালিত হয় এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করা হয়।
সরকারি প্রেস সচিব একেএম নাজমুল হক জানিয়েছেন, প্রধানমন্ত্রী জনগণের অভিজ্ঞতা ও মতামত শোনার জন্য সরাসরি কথোপকথন করেন।