রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সংসদ সদস্য ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, উচ্ছেদের আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা উচিত ছিল এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১৩ নম্বর থেকে ১০ নম্বর এলাকার হোপ মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় এবং উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদেরও আক্রান্ত হতে হয়।
ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, "এই আসনটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন, যেখানে জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। জনগণের সুবিধা-অসুবিধা-সংক্রান্ত কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি আরও সমন্বিত ও ভিন্নভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।"
তিনি অভিযোগ করেন যে, মাসের পর মাস ধরে কিছু অসাধু ব্যক্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিচ্ছে। ডা. শফিকুর রহমান বলেন, "এটি অত্যন্ত নিন্দনীয় কর্মকাণ্ড। এর ফলে সাধারণ ক্রেতা ও জনগণের ওপর আর্থিক বোঝা পড়ে।"
জামায়াত আমির আরও জানান, "বিচ্ছিন্ন কোনো পদক্ষেপ নয়; বরং সমন্বিত, সুপরিকল্পিত ও টেকসই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।" তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে এ ধরনের যেকোনো পদক্ষেপ সমন্বিতভাবে নেওয়া হবে এবং সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করা হবে।
তিনি সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, "সমস্যার সমাধানের পথ রয়েছে, তবে সেই সমাধান হতে হবে নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক।"