মিরপুরে আজও পোশাকশ্রমিকরা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধের চেষ্টা করেছে। মঙ্গলবার, ৩ নভেম্বর, সকাল সাড়ে ৯টার কিছু আগে মিরপুর সাড়ে ১১ এবং পল্লবী এলাকা থেকে হাজার হাজার শ্রমিক সড়কে নেমে আসে।
পুলিশের সদস্যরা শ্রমিকদের রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানানোর পর কয়েক দফা বাকবিতণ্ডা হয়। শ্রমিকরা জোরপূর্বক যান চলাচল বন্ধ করে দেয় এবং পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে।
পুলিশ প্রথমে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপর শ্রমিকরা বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়ে এবং সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
এ ঘটনায় পরিস্থিতি থমথমে হয়ে উঠেছে। সংঘর্ষের কারণে যান চলাচল বন্ধ থাকায় অফিসগামী মানুষ বিপাকে পড়েছেন।
ডিএমপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতাকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।