রাজধানীর মিরপুর ১০ নম্বরে হকার ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত করে। এ সংঘর্ষের ফলে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশ সদস্যদের নিয়ে অভিযানে যায় ঢাকা উত্তর সিটির ভ্রাম্যমাণ আদালত। এসময় ফুটপাতের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে তাদের গাড়িতে হামলা চালান এবং ভাঙচুর করেন।
এ ঘটনায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। বেলা পৌনে ১২টার দিকে, মিরপুরের আইডিয়াল কলেজের সামনে অবস্থান নেন হকাররা। অন্যদিকে, মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় পুলিশের সদস্যরা অবস্থান নেন।