মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংক থেকে ২ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত ক্যাশ অফিসার মো. শরিফুজ্জামান সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর মিরপুর-১ এর পাইকপাড়া থেকে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও শ্রীনগর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাকে মুন্সিগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ওই কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহকরা ব্যাংক ঘেরাও করে।
এ ঘটনায় ব্যাংকের শ্রীনগর শাখার প্রিন্সিপাল অফিসার শরীফ উদ্দিন বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। জেলা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।