মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যার মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নুরুল ইসলাম, সায়মন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। তাদের মধ্যে নুরুল ইসলাম ও সায়মন বর্তমানে কারাগারে রয়েছেন, অন্যদিকে রনি ও আনোয়ার পলাতক রয়েছে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে ২০২৩ সালের নভেম্বর মাসে সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের নিজ বাড়িতে পরিবারের সামনে কুপিয়ে হত্যা করা হয় রেজাউল করিম নাঈমকে।
এ ঘটনায় নাঈমের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।