রাজবাড়ীতে একটি হত্যা মামলায় সাদ্দাম হোসেন মিয়া (৩৬) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজবাড়ী জেলা ও দায়রা জজ মো. আনিসুর রহমান এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত সাদ্দাম পাংশা পৌরসভার নারায়নপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে। মামলার সূত্রে জানা যায়, কাতার প্রবাসী আবদুর রহিমের কাছ থেকে তার ভাই আবদুর রহমানকে চাকুরী দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা নেয় সাদ্দাম মিয়া, পলাশ মন্ডল, রাশেদ মন্ডল ও শরীফ মুন্সী।
২০১৬ সালের ৫ নভেম্বর, টাকা ফেরতের কথা বলে পাংশা সরকারি কলেজ এলাকার চাচার ক্যান্টিনে রহিমকে ডেকে নেওয়া হয়। সেখানে রহিমকে ছুরি দিয়ে পেট ও ঊরুতে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় রহিমকে প্রথমে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ৮ নভেম্বর ভোর ৫টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রহিম মারা যান।
এ ঘটনায় আব্দুর রহিমের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে পাংশা মডেল থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে।
আসামী পক্ষের আইনজীবী এডভোকেট আশরাফুল আলম আশা বলেন, বিচারক রায়ে ন্যায় বিচার প্রদান করেছেন। একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩ জনকে বেকসুর খালাস দিয়েছেন। আমরা রায়ে সন্তুষ্ট।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আব্দুর রাজ্জাক রায়টির সততা নিশ্চিত করে বলেন, এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।