দুর্নীতি দমন কমিশন (দুদক) লালবাগ ভূমি অফিসের সার্ভেয়ার আসাদুল ইসলামকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করেছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ের পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটি টিম তাকে আটক করে।
সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুদকের টিম রাজধানীর কাটাবনে অবস্থিত লালবাগ এসিল্যান্ড কার্যালয়ে যায়। সেখানে ছদ্মবেশ ধারণ করে সার্ভেয়ার আসাদকে এক লাখ টাকা ঘুষসহ আটক করা হয়।
দুদক জানিয়েছে, সার্ভেয়ার আসাদ ঘুষের বিনিময়ে একটি সেবা গ্রহীতার কাছ থেকে টাকা নিচ্ছিলেন। ঠিক ওই সময়ই ফাঁদ পেতে তাকে আটক করা হয়।
আটকের পর আসাদকে এ ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লালবাগ ভূমি অফিসসহ বিভিন্ন অফিসে বিস্তর দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।