পটুয়াখালীর কলাপাড়ায় এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজ তাইজুল ইসলাম মুসা ও তার স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি গত ৩১ অক্টোবর ভুক্তভোগীর বাবা কলাপাড়া থানায় করেন।
অভিযোগে বলা হয়েছে, চিকিৎসার নামে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক মেলামেশায় বাধ্য করা হয় এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরী ও তার মাকে ব্ল্যাকমেইল করা হয়।
মামলার এজাহারে কবিরাজ তাইজুল ইসলাম মুসা (৪০), তার স্ত্রী ফাহিমা বেগম (২৮), অসিম গাজী (৩৫), আব্দুল গনি মুন্সী (৩৮), রাসেল আকন (৩৮), আব্দুল ওয়াদুদ (৫০) এবং রমজান গাজী (২৮) এর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (২০২৬ সালের সংশোধনীসহ) এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে।
এ বিষয়ে কবিরাজ তাইজুল ইসলাম মুসা জানান, তিনি প্রভাবশালী মহলের সঙ্গে কথা বলেছেন এবং বিস্তারিত কথা বলার জন্য সাক্ষাতের প্রস্তাব দেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।