পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আদালত এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২৩ জুলাই বেলা আনুমানিক ১১টার দিকে দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি কুকুরকে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ভারী কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নজরে আসে।
পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় দক্ষিণ বাদুরা এলাকার মঞ্জু হাওলাদার (৫০) ও জহির হাওলাদার (৪৫) আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলাটি ২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনের ৭(২) ধারা ও দণ্ডবিধির ৪২৮ ধারায় করা হয়েছে।
বাদী ডা. আতিউর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পারেন। বিষয়টি যাচাই করে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইমরান বলেন, ‘প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন অনুযায়ী এ ঘটনায় মামলা করা হয়েছে। আমরা আশা করছি, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
মামলাটি আমলে নিয়ে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক আবু বকর সিদ্দিক আসামিদের গ্রেপ্তারের জন্য আদেশ দিয়েছেন।