চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্ষুব্ধ জনতার হাতে পিটুনিতে মো. নুরুল ইসলাম, যিনি ইরান নামে পরিচিত, নিহত হয়েছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, তিনি ওই এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী।
গতকাল শনিবার রাতে সীতাকুণ্ডের ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভাটেরখীল এলাকায় এই ঘটনাটি ঘটে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, নিহত ইরান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত ২০ জুলাই রাতে ইয়াবা হারিয়ে যাওয়ার অজুহাতে নাইম নামের এক যুবককে তুলে নিয়ে নির্যাতন করা হয়। নাইম পরে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সন্ধ্যায় মারা যান।
শনিবার নাইমের জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা ইরান ও তার সহযোগীদের ওপর হামলা চালায়। প্রথমে ইরানকে না পেয়ে তার একজন সহযোগীকে পিটুনি দেওয়া হয়। পরে ইরান আত্মগোপনে গেলে শত শত মানুষ তাকে ঘিরে ফেলে।
বিক্ষুব্ধ জনতা তাকে ধরে পিটিয়ে হত্যা করে এবং তার বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে নিহত ইরানের মরদেহ উদ্ধার করে। আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, গণপিটুনিতে নিহত ইরান দুইটি হত্যা মামলার আসামি ছিলেন।