রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ফলে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ফাহিমা নামে এক নারী শনিবার (২৫ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার, তার স্বামী শাহীন এবং বোনের মেয়ে হাফসা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিস্ফোরণে তিনজনই আগুনে দগ্ধ হয়েছিলেন। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে মারা যায় ফাহিমার ৮ বছর বয়সী ভাগ্নি হাফসা আক্তার।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শাহিনের শরীরের ৫০ শতাংশ এবং হাফসার ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।
গত মঙ্গলবার ভোরে ভাটারার নতুন বাজারের ১০০ ফিট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, বাড়ির মালিকের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
তারা জানান, গ্যাসের লাইনের লিকেজের কথা বাড়ির মালিককে জানানো সত্ত্বেও তিনি কোনো ব্যবস্থা নেননি। প্রতিবেশী ও নিহতদের স্বজনদের দাবি, তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল, যা পরে আগুনের উৎস থেকে বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়িয়েছে।