ঝিনাইদহে ইজিবাইক ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা দস্যুতা চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুরে জেলা পুলিশের সাইবার সিকিউরিটি সেল সূত্রে এ তথ্য জানানো হয়।
পুলিশের অভিযানে লুন্ঠিত ইজিবাইক, ৮টি মোবাইল ফোন ও ইজিবাইক বিক্রির নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের মৃত আব্দুল জব্বারের ১৪ বছরের শিশু সন্তান মিশকাত একমাত্র ইজিবাইকটি চালিয়ে সংসারের ভরণপোষণ মেটাতো। গত ১৯ জুলাই বিকাল ৫টার দিকে কোটচাঁদপুর রেলগেট এলাকায় যাত্রীবেশে ৪ ব্যক্তি তার ইজিবাইকে ওঠেন। পরে তারা ঝিনাইদহ সদর থানাধীন বংকিরা মাঠ নামক ফাঁকা এলাকায় নিয়ে জোরপূর্বক তার মুখ ও হাত-পা বেঁধে ইজিবাইক ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়।
ভুক্তভোগীর চাচা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের তদন্ত দল চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের সাথে সরাসরি জড়িত আকাশ সর্দার ওরফে ডাকাত আকাশ, কুষ্টিয়া সদর এলাকা থেকে জিয়াউর ওরফে জিয়া, সিরাজুল ইসলাম ও আখতার মোল্লাকে গ্রেফতার করে।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সদর, কুমারখালী ও মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে রাশিদুল ইসলাম, লিটন আলী, সজীব শেখ, মাসুদ রানা, ইসলাম খান ও আশরাফুল ইসলাম নামে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।