শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুবি শিক্ষার্থীদের হাতে পুলিশ পরিচয়ধারী তিনজন আটক

কুবির শিক্ষার্থীরা পুলিশ পরিচয়ধারী তিনজনকে আটক করে ক্যাম্পাসে নিয়ে আসেন।

কুবি শিক্ষার্থীদের হাতে পুলিশ পরিচয়ধারী তিনজন আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীকে তল্লাশির সময় পুলিশ পরিচয় দেওয়া তিন ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে আটক করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা শহরের পুলিশ লাইন ও সরকারি মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক তিনজন হলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এএসআই শ্যামল সাহা, কনস্টেবল হানিফ এবং পুলিশের সোর্স জাহিদ। শিক্ষার্থীরা জানিয়েছেন, টিউশন শেষে ক্যাম্পাসে ফেরার পথে ওই তিনজন তাদের পথরোধ করে পকেটে হাত দিয়ে তল্লাশি চালান।

তারা নিজেদের পুলিশ দাবি করলেও পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন, যা শিক্ষার্থীদের সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। পরিচয়পত্র না দেখিয়ে কেবল ওয়াকিটকি ও হ্যান্ডকাফ দেখানোয় শিক্ষার্থীদের সন্দেহ আরও তীব্র হয়।

পরবর্তীতে শিক্ষার্থীরা ওই তিনজনকে ভুয়া পুলিশ ও ছিনতাইকারী সন্দেহে বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে জোর করে ক্যাম্পাসে নিয়ে আসেন। এএসআই শ্যামল সাহা দাবি করেছেন, শিক্ষার্থী পরিচয় পাওয়ার পর তাদের ছেড়ে দিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছিল।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাৎ হোসাইন বলেন, পুলিশ সদস্যদের পরিচয়পত্র সঙ্গে না রাখা এবং প্রশাসনকে না জানিয়ে কাউকে তুলে আনার বিষয়টি উভয় পক্ষের ঘাটতি ছিল।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার সহকারী পুলিশ সুপার মোস্তায়িন বিল্লাহ ফেরদৌস এ বিষয়ে বলেন, পুলিশের নম্বরে কল না দিয়ে বাসে করে তুলে আনার বিষয়টি কাম্য নয়। তিনি সকলকে সাম্প্রতিক মব কালচারের রেশ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

বিজ্ঞাপন