ঢাকা থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদীতে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউরেনিয়ামের গাড়িবহর বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়। সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সড়ক পথে রূপপুরে নিয়ে যাওয়া হয় পারমাণবিক জ্বালানি।
ঢাকা থেকে রূপপুর পর্যন্ত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ইউরেনিয়ামের গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর জন্য সড়কে সব ধরনের যানবাহন এবং জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
প্রকল্প সূত্রে জানা গেছে, এর আগে রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়েছে। চলতি বছরের মধ্যে রাশিয়া থেকে আরও জ্বালানির চালান দেশে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট অক্টোবরে পারমাণবিক বিক্রিয়া বা ক্রিটিক্যালটি অর্জন করেছে। বর্তমানে ইউনিটটির পাওয়ার স্টার্ট-আপ পর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে। সব কিছু স্বাভাবিক নিয়মে অগ্রসর হলে স্বল্প সময়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।