শীতের শুরুতেই নয়াদিল্লিতে বায়ুদূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। শহরের বায়ুমান সূচক ৩০০ ছাড়িয়ে বৃহস্পতিবার ৩৭০-এ পৌঁছেছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ঘন ধোঁয়াশায় ঢাকা রাজধানীতে প্রশাসন পুরোনো গাড়ির চলাচলে কড়াকড়ি আরোপ করেছে। এ পরিস্থিতিতে বাইরে বের হওয়া স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
নয়াদিল্লির এক বাসিন্দা বলেন, ‘দূষণের কারণে খোলা জায়গায় বের হওয়া নিরাপদ নয়। বায়ুমান সূচক এত বেশি যে শ্বাস নেওয়াও কঠিন।’ এই পরিস্থিতিতে কাশি ও শ্বাসকষ্টের মতো সমস্যার বৃদ্ধি দেখা যাচ্ছে।
অন্য একজন বাসিন্দা জানান, ‘দূষণের কারণে আমার কাশি বেড়ে গেছে, আমার মেয়েও একই সমস্যায় ভুগছে।’ শীতের মৌসুমে সাধারণত দিল্লির বাতাসের মান খারাপ হতে থাকে, যা শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।
গত কয়েক বছর ধরে শীতের শুরুতে দিল্লি ও আশপাশের অঞ্চলে দূষণ বাড়ছে। ঠান্ডা ও ঘন বাতাসে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা এবং ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া আটকে থাকে।
এ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। বুধবার দিল্লির প্রবেশপথ থেকে আড়াই হাজারের বেশি পুরোনো গাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া, ধুলা কমাতে ট্রাকে বসানো স্প্রিংকলার দিয়ে পানি ছিটানো হচ্ছে।