শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গুলি বিনিময়ে সেনাসদস্য নিহত

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গুলি বিনিময়ে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গুলি বিনিময়ে সেনাসদস্য নিহত

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনার সময় সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহত সৈনিকের নাম মো. তিতাস শেখ (২৭) বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে। অভিযানে অংশ নেওয়া যৌথ বাহিনী পাঁচ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে এবং ৫৭ জন জিম্মিকে উদ্ধার করেছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ১৫-১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রেখেছে। এই তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার বিকেল ৫টায় ঘটনাস্থলে পৌঁছায়।

যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলি শুরু করলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গুলিবিনিময়ের এক পর্যায়ে মো. তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

এ অভিযানে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক ও ৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী নিহত সৈনিকের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।

বিজ্ঞাপন