বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক

বিদেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক ঘোষণা করেছে সরকার।

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক

বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কসোভো, বসনিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে নিয়োগ অনুমতি ছাড়া বহির্গমন ছাড়পত্র ইস্যু না করার নির্দেশ দিয়েছে।

৪ নভেম্বর বুধবার মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোকে এ বিষয়ে অবহিত করেছে। নির্দেশনায় বলা হয়, উল্লিখিত ১২টি দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহী বাংলাদেশিদের মন্ত্রণালয়ের অনুমোদন নিশ্চিত না হওয়া পর্যন্ত বহির্গমন ছাড়পত্র দেওয়া যাবে না।

এতে বিদেশগামী কর্মীদের প্রতারণা, শোষণ ও মানবপাচারের ঝুঁকি থেকে সুরক্ষার জন্য নিয়োগপ্রক্রিয়া ও সরকারি অনুমোদন নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বিদেশে চাকরির জন্য শুধু ভিসা পাওয়া বা রিক্রুটিং এজেন্সির কাছ থেকে চাকরির প্রস্তাব পেলেই নিরাপদ অভিবাসন নিশ্চিত হয় না।

কর্মসংস্থানের প্রকৃত সুযোগ, নিয়োগকর্তার পরিচয়, চাকরির চুক্তি, বেতন-ভাতা, ভিসার ধরন এবং বাংলাদেশের সরকারি অনুমোদন যাচাই করা অত্যন্ত জরুরি। বিশেষ করে কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামসহ কয়েকটি দেশে অনলাইন প্রতারণা ও স্ক্যাম কম্পাউন্ডের ঘটনা আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে।

চাকরির প্রলোভনে এসব দেশে গিয়ে বাংলাদেশিদের প্রতারণা ও মানবপাচারের শিকার হওয়ার ঘটনা ঘটেছে। ফলে এসব দেশে কর্মসংস্থানের প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিদেশগামী কর্মীদের কোনো প্রলোভন বা দালালের কথায় সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি অনুমোদন ও বৈধ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করে নিরাপদ অভিবাসনের সব শর্ত যাচাইয়ের পরই বিদেশযাত্রার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন