রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ১৭ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি কেন্দ্রের ভেতরে প্রবেশ করে।
বহরটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে পাবনার ঈশ্বরদীর উদ্দেশে যাত্রা শুরু করে। পরিবহনের সময়কালে পুরো পথে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা প্রহরায় ছিলেন।
সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও এ সময় দায়িত্ব পালন করেন। নিরাপত্তার জন্য সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
চলতি বছরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জন্য এটি ইউরেনিয়ামের চতুর্থ চালান। এর আগে, গত ২৭ অক্টোবর ইউরেনিয়ামের তৃতীয় চালানটি সেখানে পৌঁছায়।
কেন্দ্রটির প্রথম ইউনিটের অতিরিক্ত এবং দ্বিতীয় ইউনিটের জন্য এই পারমাণবিক জ্বালানি আনা হচ্ছে। গত ৩ অক্টোবর থেকে পর্যায়ক্রমে দেশে ইউরেনিয়ামের এসব চালান আসা শুরু হয়।