শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে আনা হলো

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে।

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে আনা হলো

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টার পর বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩৩৬ মরদেহগুলো নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

নিহতদের মরদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। নিহতদের পরিবারের সদস্যরা মরদেহ আসার খবরে সকাল থেকে তাদের বাড়িতে ভিড় করতে শুরু করেন। আত্মীয়-স্বজনরা প্রিয়জনকে শেষবারের মতো দেখার অপেক্ষায় রয়েছেন।

নিহত শাহীনের পরিবার জানায়, তিনি নওগাঁয় একটি ভাড়া বাসায় থাকতেন এবং সৌদিতে কাজের জন্য ঋণ করেছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনার পর তার পরিবারে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। নিহতদের মধ্যে অন্যদের আর্থিক অবস্থাও একই রকম বলে জানা গেছে।

সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্তদের মধ্যে চারজন হলেন হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামানিক, মাসিদুল সরদার সজিব ও সাগর আলী, যাদের বাড়ি নওগাঁর আত্রাইয়ে। এছাড়া শাহীনের বাড়ি নওগাঁ সদর উপজেলায়। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন নাটোর নলডাঙার সাব্বির হোসেন ও মোহাম্মদ শামিম।

গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি কর্মী প্রাণ হারান। এর মধ্যে গত ২৭ আগস্ট ৯ জনের মরদেহ দেশে পাঠানো হয়। বাকি সাত মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন