শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভারতে পাঁচ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী

ভারতে পাঁচ বছর কারাভোগের পর দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নারী।

ভারতে পাঁচ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী

দীর্ঘ পাঁচ বছর কারাভোগের পর ভারতের পুনে রাজ্য থেকে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নারী। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল চেকপোস্টে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা নারীদের মধ্যে সুমি খাতুন, সাবিনা বেগম, নুরবানু, টুম্পা বেগম, হালিমা খাতুন, তন্বী আক্তার, মুন্নি আক্তার, জান্নাতি খাতুন, সামিয়া আক্তার এবং শিরিনা খাতুন অন্তর্ভুক্ত রয়েছেন। তাঁরা যশোর, খুলনা, নড়াইল, ফরিদপুর ও চাঁদপুর জেলার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানিয়েছেন, ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে পাঁচ বছর আগে বিভিন্ন সীমান্তপথে অবৈধভাবে ভারতের পুনে রাজ্যে যান এই নারীরা। সেখানে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় পুলিশ তাঁদের আটক করে।

পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে পুনে রাজ্যের কেন্দ্রীয় কারাগারে পাঠায়। দীর্ঘদিন কারাভোগের পর দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র দপ্তরের সহযোগিতায় ভারতের একটি মানবাধিকার সংস্থা তাঁদের শেল্টার হোমে রাখে।

শুক্রবার রাতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁরা দেশে ফেরেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ১০ নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাঁদের পরিবারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে বলে জানান ওসি।

বিজ্ঞাপন