ইতালিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ও শিক্ষার্থীদের সমন্বয়ে লাখো মানুষ বিক্ষোভ করেছে। শুক্রবার দেশটির অন্তত ৪০টি শহরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যা শ্রমিক সংগঠনগুলোর ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘটের অংশ।
রোমের আন্দোলনকারীরা তাবু খাটিয়ে সপ্তাহজুড়ে অবস্থান কর্মসূচির পরিকল্পনা করেছেন। তারা জানান, এই বিক্ষোভের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান।
মিলানে আন্দোলনকারীরা শহরের রিং রোডে মিছিল করে পলিটেকনিকো দি মিলানো বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে তাদের কর্মসূচি শেষ করেন। জেনোয়ায় প্রায় ১৫ হাজার বন্দর শ্রমিক ও শিক্ষার্থীও বিক্ষোভে অংশ নেন।
এদিকে, বিক্ষোভের প্রেক্ষিতে ইতালির সরকার দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সরকার জানিয়েছে, তারা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।