আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষ আজ অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। রবিবার সকাল থেকে শ্রমিকেরা স্বাভাবিকভাবে কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করেছেন।
তবে নরসিংহপুর এলাকার তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কারখানায় প্রবেশ করে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন বলে শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। শিল্প পুলিশ জানিয়েছে, গতকাল কাঠগড়া এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা নূন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেছিলেন।
এসময় শ্রমিকরা আশপাশের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর ফলস্বরূপ, গতকাল অন্তত ২২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। আজ সেইসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
শিল্প পুলিশ বলছে, সকাল থেকে কোথাও কোনো সড়ক অবরোধ বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় এবং মাইকিং করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করা হচ্ছে।