রাজধানীর মিরপুর–১০ নম্বরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। রবিবার সকাল থেকে তারা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন, যার ফলে ওই এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্দোলন চলাকালীন পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
বিক্ষোভের কারণে মিরপুর ১০ নম্বরের মেট্রোস্টেশনের গেট এক পর্যায়ে বন্ধ করে দেওয়া হয়। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, আশপাশের এলাকা থেকে শ্রমিকেরা জড়ো হয়ে মোড় অবরোধ করেন।
গতকাল শনিবারও একই দাবিতে মিরপুরে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছিলেন। এদিন মিরপুর–১ নম্বরের শাহ আলী এলাকায় মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে।
গাজীপুরেও আজ সকাল থেকে বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং অনেক পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে, পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, 'এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।'