সিরাজগঞ্জের মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিলের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশভ্যানে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর, কনস্টেবল নাসিমুজ্জামান এবং মোরশেদুল ইসলাম।
পুলিশ সুপার জানান, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ মিছিলের সময় পুলিশভ্যান দেখা গেছে। এ ঘটনায় পুলিশ সদস্যদের অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
গত বুধবার ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে নেতাকর্মীরা পুলিশকে হুমকি দেয়। এ ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।