শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী, ঐতিহাসিক অর্জন দাবি রিজভীর

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দাবি রিজভীর ঐতিহাসিক অর্জন।

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী, ঐতিহাসিক অর্জন দাবি রিজভীর

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সফরকে ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, কৃষি, প্রযুক্তি, অর্থনীতি ও ভূরাজনীতিতে বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রিজভী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

রিজভী সাংবাদিকদের বলেন, জাপান সফরে ২৯৫ দশমিক ৫ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতিসহ বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। তিনি মন্তব্য করেন, বিরোধী দলের নেতিবাচক সমালোচনার মধ্যেও এ সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন নিয়ে এসেছে।

তিনি আশা করেন, সফরের অর্জন কাজে লাগিয়ে বাংলাদেশ লুটপাটনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে পারবে।

এদিকে, বিমানে যান্ত্রিক ত্রুটির বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ ত্রুটি প্রধানমন্ত্রীর সফর বা দেশে ফেরার ক্ষেত্রে তেমন কোনো প্রভাব ফেলেনি।

এছাড়া, ২৬ অক্টোবর জাপানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন, যেখানে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সফরকালে তিনি জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সিইও এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পায়।

সফরকালে প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।

বিজ্ঞাপন